বেরোবিতে রোববার থেকে ১ম বর্ষের ক্লাস শুরু
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাশ (১৪ জুন) রোববার থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের বরণ করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। পরে বিশ্ববিদ্যালয় পরিচিতি ও শিক্ষামূলক আলোচনা এবং নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী সভাপতিত্ব করবেন। এতে দেশবরেণ্য ব্যক্তিত্ব কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ ও কবি রুবী রহমান উপস্থিত থাকবেন। বিকাল ৪ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
এসএস/আরআই