বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে রুয়েটে মানববন্ধন
প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতি। সোমবার বেলা ১১টার দিকে রুয়েটের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিও জানান শিক্ষকেরা।
মানববন্ধন থেকে সিনিয়র অধ্যাপকদের বেতন স্কেল সিনিয়র সচিবদের সমান ও অধ্যাপকদের বেতন স্কেল পদায়িত সচিবদের সমান করে পুনর্নির্ধারণ এবং শিক্ষকদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল রাখা এবং সহযোগী-সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো অধ্যাপকদের বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানানো হয়।
এছাড়া প্রত্যেক ধাপে সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত অন্যান্য যে সুযোগ-সুবিধা দেওয়া হয় তা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্যও নিশ্চিতের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তারিফ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এনএইচএম কামরুজ্জামান সরকার, সহ-সভাপতি অধ্যাপক শামীমুর রহমান, সহ-সম্পাদক আকতার হোসেন প্রমুখ।
এসএস/আরআই