ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪২৫ কোটি টাকার বাজেট


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৭ জুন ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ৪২৫ কোটি টাকার প্রস্তাবিত রাজস্ব ব্যয় সম্বলিত বাজেট উপস্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২০১৫ সালের বার্ষিক অধিবেশন নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে প্রাপ্য ৩৭১ দশমিক ১৫ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৩৯ কোটি টাকা অর্থাৎ মোট ৪১০ দশমিক ১৫ কোটি টাকার আয় ধরা হয়েছে। ফলে আগামী অর্থ-বছরে বাজেটে ঘাটতি হবে আনুমানিক ১৫ দশমিক ৩৫ কোটি টাকা। বাজেট পেশের পর সিনেট সদস্যগণ অভিভাষণ ও বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

ঢাবি সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর সভাপতিত্বে অধিবেশনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন  এবং সিনেট সদস্যগণ উপস্থিত ছিলেন।

অধিবেশনে উপাচার্য তার বক্তব্যে বলেন, শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে শিক্ষাকর্মে সংশ্লিষ্ট সকলের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। এ জন্য সুস্পষ্ট এবং সুপরিকল্পিত নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন দরকার। পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে মানুষ ও মানব সভ্যতার অগ্রযাত্রাকে বেগবান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষাকে জনসেবা হিসাবে গ্রহণ করতে হবে। শিক্ষা কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ ও অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে হবে। দেশের সকল শ্রেণির মানুষকে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে।

এমএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।