রাবি`র লতিফ হল শাখা ছাত্রলীগের ফান্ড গঠন


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৭ জুন ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগ নিজেদের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মসূচি বাস্তবায়নের জন্য ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে। হলের সভাপতি মিজানুর ইসলাম ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের নেতৃত্বে এ ফান্ড গঠন করা হয়। শনিবার গণমাধ্যমে মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী হলের প্রত্যেক নেতাকর্মী প্রতিদিন এক টাকা হিসাবে মাসিক ৩০ টাকা জমা দেবেন। ফান্ড পরিচালনায় সচ্ছতা ও জবাবদিহিতার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হলের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রত্যেক মাসের অর্থ হল ছাত্রলীগের নামে একটি মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাতে জমা রাখা হবে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর ইসলাম ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বলেন, `নিজেদের ফি দিয়ে গঠিত এ ফান্ডের টাকা হলের কোনো নেতাকর্মী কেউ অসুস্থ হলে তাঁর চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। এর বাইরে কেউ পরীক্ষার ফরম ফিলাআপসহ অ্যাকাডেমিক কাজে আর্থিকভাবে সমস্যায় পড়লে ফান্ড থেকে তাঁকে সাহায্য করা হবে। এছাড়া বিভিন্ন জাতীয় দিবস, সাংগঠনিক কর্মকাণ্ড সর্বোপরি বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন হবে হবে ওই ফান্ড থেকে।`

তাঁরা আরো বলেন, `কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। আগামী দুই/এক মাসের মধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রতিশ্রুতির দৃষ্টান্ত স্থাপন করব। তখন কর্মসূচিগুলো সবাই জানতে পারবেন।`

এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।