টঙ্গীতে ফুটপাত ব্যবসায়ী-পুলিশের সংঘর্ষে আহত ১২


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২২ জুন ২০১৬
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ফুটপাত ব্যবসায়ী ও হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের ৪ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

টঙ্গী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ও এলাকাবাসী জানায়, টঙ্গীর কলেজ গেইট এলাকার ফুটপাত থেকে শিল্প পুলিশের স্থানীয় ক্যাম্পের দুই সদস্য মঙ্গলবার রাত ১০টার দিকে প্যান্ট কিনতে যান। প্যান্টের মূল্য নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালালে পুলিশ সদস্যরা দৌঁড়ে পার্শ্ববর্তী শিল্প পুলিশের ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়।

এসময় বহিরাগতদের সঙ্গে নিয়ে ব্যবসায়ীরা ক্যাম্পে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ সদস্যরা ক্যাম্প থেকে বেরিয়ে এসে তাদের ধাওয়া করে। এতে দুই পক্ষের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে পুলিশের ৪ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতাবস্থায় শিল্প পুলিশের দুই সদস্যসহ ৫ জনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।