যশোরে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪


প্রকাশিত: ০৭:১১ এএম, ২৩ জুন ২০১৬

যশোর সদর উপজেলার মথুরাপুর-মানিকদিহি জামতলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২ জন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে এ ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া যায়।

নিহতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার খতিয়াখালী গ্রামের জয়া রাণী দাস (৫৫), চাঁচড়াইল গ্রামের আব্দুল কাদেরের ছেলে রেজাউল ইসলাম রাজু (৩৮), বাইশা গ্রামের আব্দুল হাকিম (৩২) ও সদর উপজেলার তিরের হাট গ্রামের নিত্যরঞ্জন দাসের ছেলে চয়ন দাস (১২)। আহতরা হলেন নিত্যরঞ্জন দাসের স্ত্রী দীপিকা রাণী দাস (৩৫) ও খতিয়াখালী গ্রামের সুব্রত দাসের ছেলে বাঁধন দাস (১৮)।
 
যশোর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এটি সদর উপজেলার মথুরাপুর-মানিকদিহি রেলক্রসিংয়ে পৌঁছালে ক্রসিংয়ে উঠে পড়া একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এই ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

ঘটনার প্রত্যক্ষদর্শী সদর উপজেলার তিরেরহাট গ্রামের কামরুল ইসলাম জানান, যশোর-ঝিনাইদহ মহাসড়ক থেকে নেমে এসে ছোট সড়কের এই রেলক্রসিংয়ে প্রাইভেটকারটি উঠে পড়লে দ্রুতগামী ট্রেনটি এসে ধাক্কা দেয়। এসময় গাড়িটিকে প্রায় ১০০ গজ ঠেলে নিয়ে যাওয়ার পর এটি ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে কামরুল তার গাড়িতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক জানান, মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত প্রাইভেটকারের তিন যাত্রীর মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাইভেটকার আরোহীরা শহর থেকে সদরের তিরেরহাট গ্রামে যাচ্ছিল।

রেলওয়ে যশোর ফাঁড়ির ইনর্চাজ ইদ্রিস আলী জানান, রেলক্রসিংয়ের ওই গেটটি যাতায়াতকারীদের নিজ দায়িত্বে পার হওয়ার কথা।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যশোর সদর উপজেলার তীরেরহাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

মিলন রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।