চকরিয়ায় ঘের শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের একটি চিংড়ি ঘেরের কর্মচারীকে পিটিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ভোররাতে বদরখালী গুদামপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল কাদেরের (২৭)।
নিহতের ভাই নুরুল কাদের জানান, বদরখালী গুদামপাড়া মৎস্য সমিতির মালিকানাধীন একটি চিংড়ি প্রকল্প ইজারা নিয়ে তিনি মৎস্য চাষ করে আসছেন। তার সাথে চিংড়ি প্রকল্পটি দেখাশুনার জন্য ভাই আবদুল কাদেরকে নিয়োগ দেন।
তিনি জানান, প্রতিদিনের মতো শনিবার দিবাগত রাতে সেহেরি খেয়ে আবদুল কাদের মৎস্য প্রকল্পের খামার ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ৮-১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত চিংড়ি প্রকল্পের খামারঘরে হানা দিয়ে ঘুমিয়ে থাকা আবদুল কাদেরকে হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে।
এবিষয়ে চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
সায়ীদ আলমগীর/এসকেডি