গাজীপুরে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩


প্রকাশিত: ০৮:১১ এএম, ২৮ জুন ২০১৬

গাজীপুরে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে গাজীপুরের মীরের বাজার এলাকার ধীরাশ্রম সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- যশোরের শার্শা থানার কেরালখালী গ্রামের মো. সায়েদ আলীর ছেলে মো. লিটন হোসেন (২৯), তার ছোট ভাই টিটিন (২৩) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার কোনাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে আমির হোসেন (২৭)।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গাজীপুরের মীরের বাজার এলাকার ধীরাশ্রম সড়কে অভিযান চালিয়ে পান বোঝাই একটি পিকআপ থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা ইয়াবার এ বিশাল চালানটি গাজীপুরে নিয়ে আসছিল। কিন্তু গাজীপুর পুলিশের বিশেষ নজরদারি ও তৎপরতার কারণে এ বিপুল পরিমাণ ইয়াবার চালান আটক করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামি আমির হোসেন জানায়, চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাকের মধ্যে পান ভর্তি একটি খাঁচায় ওই ইয়াবার প্যাকেটগুলো বিশেষ কায়দায় রক্ষিত ছিল। গাজীপুর ভোগড়া বাইপাস মোড়ে এগুলো নামানোর পর একটি ছোট পিকআপযোগে ওই পানের খাঁচাটি নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। ইয়াবাগুলো বিশেষ কায়দায় নীল রংয়ের প্যাকেটের ভেতর ছিল।

এদিকে, গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ ১১ জনকে আটক করেছে। সাজাপ্রাপ্ত আসামির নাম মো. সামছু (৩২)। তিনি গাজীপুরের কাপাসিয়া থানার কুশদী গ্রামের মৃত সালামত ওরফে ছেলুর ছেলে।

এছাড়া এদিন ৩৬২ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল ও ১০০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
                    
আমিনুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।