টেকনাফে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৬:২১ এএম, ০৪ জুলাই ২০১৬

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মেম্বারকে (৬৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াছমিন আক্তারও গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার রাত ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া তিন রাস্তার মাথায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারিক সূত্রে  জানা যায়, মুখোশধারী একদল দুর্বৃত্ত হঠাৎ করে বসতবাড়িতে ঢুকে সিরাজ মেম্বারকে গুলি করে। এসময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী ইয়াছমিন আক্তারও গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্মরত চিকিৎসক শহিদুল ইসলাম সিরাজ মেম্বারকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ইয়াছমিন আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।