বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬
প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি 
ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন 

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খনিহারা এলাকায় ‘ম্যাক ফেয়ার’ নামের একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যায় কাজ চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে। এ সময় চার শ্রমিক দ্রুত বেরিয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কাউকে এলাকায় পাওয়া যায়নি। তারা সবাই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে।

এলবি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।