পটুয়াখালী

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের দুই কর্মীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:২৮ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

পটুয়াখালী-২ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই কর্মীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাউফল উপজেলার নুরাইনপুর বাজার ও কালিশুরি নদী বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু।

এ সময় পৃথক দুটি ঘটনায় মোটরসাইকেল বহর ও যানবাহনে পোস্টার সাঁটিয়ে প্রচারণার দায়ে দুজনকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘনের অভিযোগে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থক ইমদাদুল রহমানকে (৩০) ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি একাধিক মোটরসাইকেলযোগে লোকজন নিয়ে মিছিল ও প্রচারণা চালাচ্ছিলেন।

অন্যদিকে ব্যাটারিচালিত অটোগাড়িতে পোস্টার সাঁটিয়ে প্রচারণা করায় হাতপাখা প্রতীকের প্রার্থীর সমর্থক ওমর ফারুককে (৪০) আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাহমুদ হাসান রায়হান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।