বন্ধ হলো দুয়ার, কেমন ছিল এবারের পর্যটন মৌসুমের সেন্টমার্টিন ভ্রমণ
এই বছরের পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকরা ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস ধরে সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে দ্বীপে পর্যটকদের ভ্রমণের সুযোগ বন্ধ হয়েছে।
জানা গেছে, সেন্টমার্টিন দ্বীপের চলতি পর্যটন মৌসুমে দুই মাস ছিল ভ্রমণকাল। এই সময় পর্যটকরা পরিবার-পরিজনসহ দ্বীপের নীল সমুদ্র, স্বচ্ছ জল, প্রবাল, সৈকত এবং নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। দ্বীপের নীল জলরাশি, স্বচ্ছ সমুদ্র, প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকরা উপভোগ করেছেন।
ঢাকার পর্যটক হুমায়ুন কবির জানান, দ্বীপের নীল সমুদ্র, প্রবাল এবং শান্ত পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। পরিবারসহ সেন্টমার্টিন ভ্রমণ আমাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

চট্টগ্রামের পর্যটক শিরিন আক্তার জানান, প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পেরে আমরা খুব আনন্দ পেয়েছি। প্রত্যেক মুহূর্তই মনে রাখার মতো ছিল।
আরেক পর্যটক তৌফিক রহমান জানান, কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজে করে সেন্টমার্টিন যাওয়া পর্যন্ত সাগরের মধুর দৃশ্য দেখতে দেখতে দ্বীপে পৌঁছেছি। সমুদ্রের নীল রং, বাতাসের হালকা ছোঁয়া, প্রতিটি প্রাকৃতিক দৃশ্য ভ্রমণকে স্মরণীয় করেছে। নানান সৌন্দর্যের দৃশ্য ছবি ও ভিডিও করেছি।

পর্যটকরা আরও জানান, সমুদ্র সৈকতে বসে সূর্যাস্ত উপভোগ করা, ডুবে যাওয়া সাগরের ঢেউ দেখার আনন্দ এবং প্রবালের স্বচ্ছ পানিতে ছোট সামুদ্রিক প্রাণী দেখা, সবই তাদের জন্য আনন্দঘন অভিজ্ঞতা। পরিবার-পরিজনসহ সৈকতে খেলা, স্থানীয় খাবার উপভোগ ও নান্দনিক ছবি তোলার মুহূর্তগুলোকে বিশেষ করে মনে রেখেছেন পর্যটকরা।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, পর্যটকের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। সেন্টমার্টিন দ্বীপে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পুলিশ উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছেন। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আমরা সবসময় প্রস্তুত ছিলাম। এর ফলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পেরেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সেন্টমার্টিন দ্বীপের নীল জলরাশি, স্বচ্ছ সমুদ্র, প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকরা উপভোগ করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করার কারণে পর্যটকরা আরও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, সেন্টমার্টিন দ্বীপে চলতি পর্যটন মৌসুমে পর্যটকদের ভ্রমণ সময় শেষ হয়েছে। এসময় তারা দুই মাস দ্বীপে ভ্রমণ উপভোগ করেছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়াও সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে।
জেএএম
এফএ/এমএস