হবিগঞ্জ-৪

গিয়াস উদ্দিন তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

হবিগঞ্জ-৪ আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরির নির্বাচনি প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় উভয় পক্ষের মধ্যে হট্টগোল হয়। পরে তোপের মুখে পড়ে পূর্ব নির্ধারিত প্রচারণা না করে চলে যেতে হয় গিয়াস উদ্দিন তাহেরিকে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের দোষারোপ করেন গিয়াস উদ্দিন তাহেরি।

ঘটনাস্থল ত্যাগ করার সময় তিনি বলেন, নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে। রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তাই বলে নির্বাচনি সভা না করতে দেওয়ার বিষয়টি সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক। বিএনপির সমর্থকরা শুধু প্রচারণা বানচাল করেনি, তারা আমার গাড়ি বহরও বেশ কিছুক্ষণ আটকে রাখে। এসব করে যদি তারা শান্তি পায়, করুক।

তিনি বলেন, এলাকার একটা সম্মান আছে এ সম্মান আপনারা ধরে রাখবেন। মনে রাখবেন প্রচারণায় বাধা দেওয়া মারাত্মক অপরাধ।

চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ জানান, এমন কোনো কিছু হয়েছে বলে আমার জানা নেই। তবে কারও সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। বিষয়টি সম্পর্কে আমাদের কেউ অবগতও করেননি।

স্থানীয়রা জানায়, দেওলগাও গ্রামে পূর্ব নির্ধারিত প্রচারণায় যান আলোচিত ইসলামী বক্তা ও এমপি প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। দেওলগাও গ্রামে তাহেরির গাড়ি বহর পৌঁছালে একদল লোক মোমবাতির স্লোগান ও প্রচারণা না চালানোর জন্য বলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হট্টগোল হয়। পরে গিয়াস উদ্দিন তাহেরি প্রচারণা না করে ঘটনাস্থল ত্যাগ করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইআরকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।