ঈশ্বরদীতে যুবদলের ৬ নেতাকে বহিষ্কার
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) জাকারিয়া পিন্টুর পক্ষে নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ায় ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু, এনামুল হক আতিয়ার, মাহমুদ হাসান সোনামনি ও সদস্য মতিউর রহমানকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ঈশ্বরদীর যুবদলের ৬ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি জাগো নিউজকে জানান, ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। জাকারিয়া পিন্টুর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করায় ৬ যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। এটি কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে।
সদ্য বহিষ্কৃত ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘ আলহামদুলিল্লাহ, যুবদল কেন্দ্রীয় কমিটি ও বিএনপি কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ’।
শেখ মহসীন/এনএইচআর/জেআইএম