মানিকগঞ্জে খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জে পচা ফল বিক্রি এবং খেজুরে তেল মাখিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান সূত্রে জানা যায়, খেজুরে তেল মাখিয়ে পচা খেজুর বিক্রির অভিযোগে ‘অর্পিতা মুড়ি হাউজ’-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পচা ফল বিক্রির অভিযোগে ‘আউয়াল ফল ভাণ্ডার’-এর মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, খেজুরে তেল মাখিয়ে পচা খেজুর বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্পিতা মুড়ি হাউজের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আইনের ৪৫ ধারায় পচা ফল বিক্রির দায়ে আউয়াল ফল ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

মো. সজল আলী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।