নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানে হামলা, ৪৬ লাখ টাকা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় গরু চোরাচালান ও অর্থ লেনদেনের অভিযোগে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ৬ ডিবি পুলিশসহ ৭ জন।

এ ঘটনায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে নগদ ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকাসহ ভারতীয় ৫টি গরু, ভারতীয় মদ, ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের শারফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মামুন মিয়া, সমির উদ্দিনের ছেলে আল আমিন, তেরতোফা গ্রামের রুস্তম আলীর ছেলে সারফুল ইসলাম এবং আমগড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে কাউসার আহমেদসহ চোরাচালানের সঙ্গে জড়িত অন্তত ১৫ জন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতীয় গরু চোরাচালান এবং মোটা অঙ্কের টাকা লেনদেনের প্রস্তুতি চলছে- এমন তথ্যের ভিত্তিতে নেত্রকোনা জেলা ডিবি পুলিশের এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একটি দল রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামের মো. সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের সঙ্গে জালাল উদ্দিন ও শ্যামল বিশ্বাস নামের দুই সাংবাদিক উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশের ওপর হামলা চালানো হলে ৭ জন আহত হন। পরে এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচ এম কামাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।