গাজীপুর

গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, ৯ ঘোড়াসহ আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬
গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াগুলো জব্দ করা হয়

গাজীপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় ৯টি ঘোড়া জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের রহমত আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মুন্না মিয়া (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার আহমেদ সুমনের ছেলে সাজ্জাদ হোসেন আমান (২৬), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে মাহমুদ মাঝি (৩৯) এবং ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার কালু পাটোয়ারীর ছেলে আবুল পাটোয়ারী (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খলিশাজানি এলাকায় সরকারি বনের পাশে একটি ট্রাক থেকে ৯টি ঘোড়া জব্দ ও পাঁচজনকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বনের ভেতরে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে গাজীপুরের বিভিন্ন হোটেলে বিক্রি করতেন।

এর আগে গত ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের ভেতরে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।