চাঁদাবাজি মামলায় গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০৪ মে ২০২৬
সোহেল রানা

চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে (৩৫) বহিষ্কার করেছে ছাত্রদল।

সোমবার (৪ মে) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা একটি পত্রে এ তথ্য জানানো হয়।

ওই পত্রে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর শহরের চক কোবদাসপাড়া মহল্লার শাহজাহান একজন মুদি ব্যবসায়ী। তার ব্যবসায়িক অংশীদার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের নলিছাপাড়া গ্রামের নাজমুল ইসলাম। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় নাজমুল ইসলাম ব্যবসা সংক্রান্ত আলোচনার জন্য শাহজাহানের বাড়িতে যান। কিন্তু সেসময় শাহজাহান বাড়িতে না থাকায় তার মা সুফিয়া খাতুনের সঙ্গে কথাবার্তা বলেন। তখন যুবলীগ নেতা হোসেন ও ছাত্রদল নেতা সোহেলসহ অন্যরা বাড়িতে প্রবেশ করে নাজমুল ও শাহজাহানের স্ত্রী নুপুর খাতুনকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেন।

পরে পরিবারের লোকজন এমন অপবাদ দিতে নিষেধ করলে তারা হুমকি-ধমকি দিয়ে নাজমুলকে তুলে নিয়ে মারধর করেন। এরপর ৭০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে শাহজাহান তার ব্যবসায়ী অংশীদারের জীবন বাঁচাতে ৭০ হাজার টাকা পরিশোধ করার কথা বলে নাজমুলকে কৌশলে উদ্ধার করেন। এরপর চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বাড়িঘর ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় শনিবার (২ মে) রাতে সিরাজগঞ্জ সদর থানায় শাহজাহানের স্ত্রী নুপুর খাতুন বাদী হয়ে ছাত্রদল নেতা সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা করেন। এতে আরও ১০-১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। পরে রাতেই পুলিশ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।