টেকনাফে ফের সীমান্ত বাণিজ্য চালু, মিয়ানমার থেকে এলো কাঠ
এক বছর পর মিয়ানমারের সঙ্গে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হয়েছে। এর অংশ হিসেবে বন্দরে এসে পৌঁছেছে একটি কাঠবোঝাই বোট।
শুক্রবার (১ মে) দুপুরের দিকে মিয়ানমারের রাখাইন থেকে কাঠবোঝাই একটি বোট টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন।

তিনি বলেন, দুপুর দেড়টার দিকে মিয়ানমারের রাখাইন থেকে একটি কাঠবোঝাই বোট টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। দীর্ঘ এক বছর পর আবারও মিয়ানমারের সঙ্গে টেকনাফ স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য চালু হলো।
মহাব্যবস্থাপক আরও বলেন, ধীরে ধীরে আরও কাঠবোঝাই বোটসহ বিভিন্ন পণ্য বন্দরে আসবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।মিয়ানমারের সঙ্গে পুরোদমে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।

রাখাইনে চলমান সংঘাতের জেরে আরাকান আর্মি সীমান্তের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে তাদের বাধার কারণে টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যায়।
জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম