টেকনাফে আবারো প্যানেল মেয়র মনির, মুজিব ও কহিনূর
কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রথম সভায় প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর মুজিব, সাংবাদিক মনিরসহ কহিনূর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার টেকনাফ পৌরসভা কার্যালয়ে পুনঃনির্বাচিত মেয়র হাজি মুহাম্মদ ইসলামের সভাপতিত্বে প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ পৌরসভার সচিব মো. মুহিউদ্দীন ফয়েজির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবু হারেছ, একরামূল হক, সাংবাদিক মো. আব্দুল্লাহ মনির, মৌ. মুজিবুর রহমান, নূরুল বশর নুরশাদ, হোসন আহাম্মদ, মনিরুজ্জামান, শাহ আলম, রেজাউল করিম মানিক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা খানম, নাজমা আলম ও কহিনূর আক্তার।
সভায় কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে প্যানেল মেয়র এক. মৌ. মুজিবুর রহমান, দুই. মো. আব্দুল্লাহ মনির ও তিন. কহিনূর আক্তার নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী জহির উদ্দিন আহাম্মদ, হিসাবরক্ষক সৈয়দ হোছন, উচ্চমান সহকারী মুর্শেদ আলম প্রমুখ।
টেকনাফ পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজি মো. ইসলাম জানান, পৌর নির্বাচনে নবনির্বাচিত পরিষদের প্রথম সভায় কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কাউন্সিলর মুজিব, মনির ও কহিনূরকে প্যানেল মেয়র করা হয়েছে। পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত পৌর পরিষদেও মৌ. মুজিব, সাংবাদিক মনির ও কহিনূর প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেন।
সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস