কুরিয়ার সার্ভিসের গোডাউনে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৪ মে ২০২৬

জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৫৬ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ জর্দা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (৩ মে) দিনগত রাতে শহরের জানিয়ার বাগান এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে এই অভিযান চালানো হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান এবং র্যাবের একটি টহল দল অংশ নেয়।

অভিযান চলাকালে কুরিয়ারের গোডাউনে তল্লাশি চালিয়ে ৫১টি কার্টন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ৫টি বস্তা থেকে ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ পদ্দাপুর জর্দা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত সিরাপের আনুমানিক মূল্য ৫৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা এবং জর্দার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত এসব অবৈধ সামগ্রীর বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এমন অবৈধ মালামাল পরিবহনের বিষয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের জয়পুরহাট শাখার ম্যানেজার জিন্নাত রেহেনা বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এসব মালামাল পাঠানো হয়। পাঠানো কার্টন বা বস্তার ভেতরে কী থাকে, তা চেক করা হয় না। তবে এসব পার্সেলের প্রেরক ও প্রাপকের তথ্য জানতে চাইলে তিনি তা সরবরাহ করা যাবে না জানায়।

২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন জানান, বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধারের ঘটনায় জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ ও জর্দা ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এসব অবৈধ সামগ্রী ধ্বংস করা হবে বলে জানান তিনি।

মাহফুজ রহমান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।