ভোলায় নারকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৭ মে ২০২৬

ভোলার লালমোহনে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মাসুদ হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশকয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৬ মে) দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মাসুদ ওই এলাকার হাওলাদার বাড়ির আজগর আলী হাওলাদারের ছেলে। অপরদিকে গ্রেফতারকৃতরা হলেন- মো. ফিরোজ, মো. তানভীর, মো. আকতার ও রেসমা বেগম। তাদেরকে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে নিহতের ঘরের পেছনে প্রতিপক্ষ রেসমা ও সজিবসহ কয়েকজন নারকেল পাড়তে যান। এসময় মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত মাসুদসহ অন্যদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মাসুদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরে গতকাল রাতে নিহতের মেয়ে মামুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে আমরা অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছি। আসামিদের আদালতে পাঠানো হবে।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।