গাজীপুরে ভাই হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৮ জুলাই ২০১৬

গাজীপুরে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাই মো. রায়হান উদ্দিনকে (২৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হকের আদালত এ রায় দেন।

একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্য একটি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।  

দণ্ডপ্রাপ্ত আসামি মো. রায়হান উদ্দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গেরবান এলাকার মাওলানা ইউসুফ আলীর ছেলে।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিজ উদ্দিন আহমেদ জানান, পারিবারিক কারণে মো. রায়হান উদ্দিন ও তার বড় ভাই জহিরুল ইসলামের মধ্যে বিবাদ ছিল। ২০১৩ সালের ১২ এপ্রিল বেলা ২টার দিকে বোরহান উদ্দিন তাদের বাড়ির গোয়ালঘরে বড় ভাই জহিরুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে জহিরুলকে অজ্ঞান অবস্থায় টেনে-হিঁচড়ে বাড়ির টয়লেটের ম্যানহোলে ফেলে ঢাকনা লাগিয়ে দেয়।

এদিকে জহিরুলের স্ত্রী ফাহিমা আক্তার তার মামাশ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফিরে ওই টয়লেটের কাছে রায়হানকে দেখতে পান। এ সময় তিনি তার স্বামী জহিরুলকে খুঁজতে থাকেন। একপর্যায়ে গোয়ালঘরে রক্ত ও সেখান থেকে টয়লেট পর্যন্ত টেনে-হিঁচেড়ে নেয়া এবং রক্তের দাগ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এ সময় রায়হান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে টয়লেটের ম্যানহোল খুলে জহিরুলকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে আসামি রায়হান উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি রায়হান উদ্দিন দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিজ উদ্দিন আহম্মদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।