গাজীপুরে কিশোরকে গলা কেটে হত্যা
গাজীপুরে অটোরিকশাচালক এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দিনগত রাতে মহানগরীর গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শুভ (১৬) নামে ওই কিশোর নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। সে অটোরিকশা চালাতো।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতো শুভ। সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে সে বাসা থেকে বের হয়। ভোরে উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মো. আমিনুল ইসলাম/এমএন/এএসএম