মাদক কারবারিদের হামলায় আহত দুই পুলিশ, হাতকড়া পরেই পালালেন আসামি
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। সংঘবদ্ধ মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতার এক সহযোগীকে ছিনিয়ে নিয়ে যান। এসময় ওই আসামি হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। পরে তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে অভিযান চালায়। অভিযানের সময় মাদকসহ এক কারবারিকে আটক করে হাতকড়া পরানো হয়। তবে আটকের খবর ছড়িয়ে পড়লে সংঘবদ্ধ মাদক কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে আসামি হাতকড়াসহ পালিয়ে যান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাদক কারবারিদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেফতারে এলাকায় ব্যাপক অভিযান চলছে। খুব শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।’
মহসীন ইসলাম শাওন/এসআর/এএসএম