গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে ফেললেন যুবক, অবস্থা গুরুতর
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেলেছেন এক যুবক। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (১৩ মে) রাতে মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ওই যুবকের নাম সোহাগ ফকির (৩৬)। তিনি মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল ফকিরের ছেলে।
পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যান জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সোহাগ তার সঙ্গে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯টি ইয়াবা গিলে ফেলেন। পরে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ।
এসময় আরেকটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় সোহাগ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাতেই মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতার এড়াতেই মূলত ইয়াবা গিলে ফেলেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম