মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৮ মে ২০২৬

মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালেও ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় সড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত তন্নী খান মাদারীপুর জেলার ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের খান বাড়ির জিয়া উদ্দিন খানের মেয়ে। তার স্বামী আল আমিন হাওলাদার পেশায় প্রাইভেটকার চালক। প্রায় আড়াই বছরের দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে প্রসবজনিত সমস্যার কারণে তন্নী খানকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার নূর ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে এ ক্লিনিকের ডাক্তার ইশরাত জাহান ঐশি ও হিমেল মাহমুদ তার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় রোগীর নাড়ি কেটে ফেলা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সোমবার বিকেলে নিহতের পরিবারের লোকজন ও ক্ষুব্ধ আত্মীয়-স্বজনরা ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও বিক্ষুব্ধরা নূর ক্লিনিকে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর হাসপাতালটি সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়।

ঘটনার পর থেকে চিকিৎসকসহ ক্লিনিকের সবাই গা ঢাকা দিয়েছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক আছে। তবে উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

তিনি আরও বলেন, ভুল চিকিৎসার অভিযোগে স্বজনরা সড়ক অবরোধ করেছিল। তারা লিখিত অভিযোগ বা মামলা করলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।