নারায়ণগঞ্জ কারাগারে হাজতির আত্মহত্যা
নারায়ণগঞ্জের জেলা কারাগারে ইমরান (২৬) নামে এক হাজতি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত হাজতি ইমরান সিদ্ধিরগঞ্জের সুমলিপাড়ার আদমজীনগরের বিহারী কলোনির আব্দুর রহিমের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো. আসাদুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের একটি মারামারির মামলায় বিচারধীন হিসেবে ইমরান জেলহাজতে ছিল। গত ২৩ জুলাই অসুস্থ হয়ে পড়লে তাকে জেলহাজতের হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৬ জুলাই তাকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়।
তবে শনিবার জেলহাজতে চিকিৎসক দেখানোর জন্য তিনি লাইনে দাঁড়িয়ে ছিল। ওই সময় নিরাপত্তা রক্ষীকে বলে বাথরুমে যায়। পরে দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের না হওয়ায় দরজা ভেঙে ফেলা হয়। এ সময় তাকে বাথরুমের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছটফট করতে দেখে সেখান থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহাদাত হোসেন/এসএস/এমএস