চাঁদা না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারে হামলা লুট


প্রকাশিত: ০১:৩০ পিএম, ১০ আগস্ট ২০১৬

গাজীপুরে চাঁদা না পেয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ সময় নগদ টাকা, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এনালাইজার ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।

বুধবার দুপুরে জেলার শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পাশে সততা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মাহবুবুল আলম সরকার জানান, কিছুদিন ধরে আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়া হয়।  

বুধবার দুপুরে তাকে আবারো মোবাইল ফোনে হুমকি দেয় সন্ত্রাসীরা। হুমকি দেয়ার কিছুক্ষণ পরই একদল সশস্ত্র সন্ত্রাসী ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা অস্ত্রের মুখে ওই সেন্টারের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে তালা ভেঙে ক্যাশ থেকে নগদ ৬০ হাজার টাকা, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এনালাইজার, কম্পিউটার ও বিভিন্ন মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ হাজ্জজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।