বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনায় আটক ২


প্রকাশিত: ১২:১২ পিএম, ১৩ আগস্ট ২০১৬

গাজীপুরের শ্রীপুরে ফিল্মি কায়দায় বোমা ফাটিয়ে হাইওয়ে থানার পাশের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন  দু’জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, শ্রীপুরের দরগার চালা এলাকার মৃত সাইদ আলীর ছেলে ফাইজ উদ্দিন ও একই থানার গলদা পাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে লালু।

শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা মোড় এলাকার সঙ্গীতা জুয়েলার্সের দোকানে হাতবোমা ফাটিয়ে স্বর্ণালংকার লুটের ঘটনায় রাতেই দু’ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকার ইয়াকুব আলী মাস্টার মার্কেটে শংকর চন্দ্র দাসের সঙ্গীতা জুয়েলার্সে ফিল্মি কায়দায় বোমা ফাটিয়ে ডাকাতি সংঘটিত হয়। ওই সময় অস্ত্রের ভয় দেখিয়ে ৩৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। বাধা দিতে গেলে ওই সময় ডাকাতদের হামলায় মালিকের ছেলেসহ চারজন আহত হন।  

মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।