সরকারি গাছ কেটে রাস্তা নির্মাণ


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৩ আগস্ট ২০১৬

গাজীপুরের কাপাসিয়ায় বিনা অনুমতিতে সরকারি জমিতে থাকা বিপুল সংখ্যক গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানতে পেরে গাছ কাটা ও রাস্তা নির্মাণ বন্ধ রেখে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।

অভিযোগে জানা গেছে, গাজীপুর জেলা পরিষদের অর্থয়ানে কাপাসিয়া উপজেলার খোদাদিয়া এলাকার কলেজ সড়ক থেকে একটি রাস্তা মহল্লার ভেতর দিয়ে কাপাসিয়া-রাণীগঞ্জ সড়কে মিলেছে। রাস্তার বেশ কিছু অংশ সরকারি জমির উপর দিয়ে গেছে। ওই রাস্তাটির দুই পাশে দীর্ঘ দিন আগের কয়েকশ সুপারি, মেহগনি, বরই ও আমসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। কিছুদিন আগে জেলা পরিষদ ৮ ফুট প্রশস্ত করে রাস্তাটির সলিং কাজ নির্মাণ শুরু করে।

স্থানীয়রা জানায়, কাজ শুরু হলে সরকারি জমিতে থাকা লাখ লাখ টাকা মূল্যের প্রায় দুই শতাধিক গাছ বিনা টেন্ডারে কেটে নেয় একটি প্রভাবশালী মহল। টেন্ডারে রাস্তাটি ৮ ফুট প্রশস্ত করার কথা থাকলেও ওই প্রভাবশালীদের প্ররোচনায় কয়েকটি স্থানে প্রতিবেশী ব্যবসায়ী শহিদুল্লাহর জমি জোরপূবর্ক দখল করে মাটি ফেলে রাস্তাটি ১২ ফুট প্রশস্ত করে ঠিকাদার।

এ ঘটনায় স্থানীয়দের বাধা উপেক্ষা করে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ পেয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে তিনি অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে গাছ কাটা বন্ধ এবং বিনা অনুমতিতে সরকারি জমির গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে গাজীপুর জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার জানান, সরকারি রাস্তার পাশে গাছ কাটার সংবাদ পাওয়া গেছে। রোববার জেলা পরিষদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।