কালীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:১০ এএম, ১৪ আগস্ট ২০১৬

গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের রায়েরদিয়া গ্রাম থেকে অজ্ঞাত (২১) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
রোববার দুপুরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কালীগঞ্জ থানা পুলিশের পরির্দশক (তদন্ত) মো. আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

উদ্ধারকৃত যুবকের পরনে জিন্সপ্যান্ট ও গলায় একটি হলুদ রঙয়ের গেঞ্জি দিয়ে পেচানো ছিল। স্থানীয়দের ধারণা তাকে কেউ হত্যা করে ফেলে গেছে।  

স্থানীয় ইউপি সদস্য মো. এমতাজ মিয়া জানান, সকাল ১০টার দিকে ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা দিয়ে আসার পথে রাস্তার পাশের একটি ঝোপে আনুমানিক ২০ থেকে ২১ বছরের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্কুল কর্তৃপক্ষকে জানায়।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়াকে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন। পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মেডিকেলে পাঠায়।

কালীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হক জানান, উদ্ধারকৃত যুবকের মাথায় রক্তের দাগ ও ডান চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে।         

আব্দুর রহমান আরমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।