যশোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৬ আগস্ট ২০১৬

যশোরে বেনাপোলগামী একটি বাসচাপায় কাইয়ুম হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি উত্তরপাড়া এলাকার আবদার রহমানের ছেলে।  তিনি চালের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী কাইয়ুম হোসেন মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে শহর থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় চুড়ামনকাটি বাজারের অদূরে ব্র্যাক অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে কাইয়ুম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসের চালক ও সহকারী গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি আটক করেছে।

মিলন রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।