নারীদের সংগঠিত করতে কাজ করছে নাসিক : আইভী


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২২ আগস্ট ২০১৬

নারীদের সংগঠিত করার পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) নারায়ণগঞ্জ শাখা উদ্বোধনকালে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, তিন বছর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ব্র্যাকের যৌথ একটি অনুষ্ঠানে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ আমাকে বলেছিলেন, নারায়ণগঞ্জে উইমেন চেম্বারের শাখা করার কথা। তিন বছর পরে হলেও তার সেই উদ্যোগ আজ বাস্তবায়িত হতে চলেছে।

২০১৩ সালে আমি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই নারীদের সংগঠিত করার পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে কাজ করছি।

তিনি আরো বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগেও নানামুখী পদক্ষেপ রয়েছে। এ বিষয়ে নাসিকের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কামরুল হাসান মুন্নাসহ অনেকেই কাজ করেছেন। শহরের দেওভোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি মাতৃসদন নির্মাণ করা হয়েছে। তার পাশেই সিটি কর্পোরেশনের একটি মার্কেট নির্মাণকাজ চলছে। সেই মার্কেটের এক থেকে তিনতলা পর্যন্ত দোকান নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেয়া হবে।

এসকল নারী উদ্যোক্তাকে আরো উন্নতমানের ট্রেনিং দিতে হবে। যাতে তারা বিদেশেও তাদের উৎপাদিত পণ্য রফতানি করতে পারে। নারায়ণগঞ্জে আদমজীর বিহারীপল্লীতেও অনেকে ভালো কাজ করছে। নারীরা আরো এগিয়ে যাবে। তাদের অগ্রযাত্রা সাফল্যমণ্ডিত হবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বাণিজ্যমেলায় নারী উদ্যোক্তাদের স্বল্প খরচে স্টল বরাদ্দের জন্য সেলিমা আহমাদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া নারীদের স্বাবলম্বী হিসেবে পরিচিত করার জন্য ব্র্যাকের নানামুখী পদক্ষেপকেও সাধুবাদ জানান মেয়র আইভী।

এসময় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ, বিডব্লিউসিসিআইর কোঅর্ডিনেটর ফারজানা আক্তার নীলা, ব্র্যাক নারায়ণগঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার মো. গোলাম মোস্তফা, জেলা প্রতিনিধি সরকার হাসান ওয়াইজ, খালেদা খানম ও আছিয়া আক্তার সুমি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মেলনকক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে নারী উদ্যোক্তারা তাদের স্বাবলম্বী হওয়ার কথা এবং বর্তমানে নানা সমস্যা তুলে ধরেন।

শাহাদাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।