ছেলে হত্যাকারীদের নির্দোষ দাবি করে বাবার হলফনামা


প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৩ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের হত্যাকারীদের নির্দোষ দাবি করে নিহতের বাবা ও মামলার বাদী আদালতে ‘হলফনামা’ দেয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।

আব্দুল্লাহ আল মামুনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করলেও নিহতের বাবা মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা হত্যাকারীদের নির্দোষ দাবি করেন। কিন্তু আদালত তা আমলে না নিয়ে পুলিশের আবেদনে এক আসামির বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এর আদালতে এ রিমান্ড শুনানী হয়। এর আগে ১৮ আগস্ট মামলার এজাহারভূক্ত আসামি কবির হোসেন আদালতে আত্মসমর্পন করেন। এর পরদিন পুলিশ তার বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফতুল্লার ভুইগড় কাজীবাড়ী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গত বছরের ২২ আগস্ট দুপুরে পিটিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা শাহা জাহান মোল্লার ছেলে ইনস্যুরেন্সকর্মী আব্দুল্লাহ আল মামুনকে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী চা দোকানদার সোহেল ১৬৪ ধারায় আদালতে সাক্ষী দিয়ে কয়েকজনের নাম বলেছেন। যাদের নাম বলেছেন তারা এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি।

কিন্তু এ মামলার বাদী মুক্তিযোদ্ধা শাহা জাহান মোল্লা সম্প্রতি আদালতে হলফনামা দিয়ে আসামি কবির হোসেনসহ অন্য আসামিদের নির্দোশ দাবি করেছেন।

হলফনামায় ফতুল্লার ভুইগড় পূর্বপাড়া এলাকার হানিফের ছেলে অলি উল্লাহকে সাক্ষী দেখানো হয়। এখানে আরও উল্লেখ করা হয় তিনি ঘটনা দেখেননি। কে বা কারা তার ছেলেকে হত্যা করেছে তা তার জানা নেই। তিনি ঘটনার সময় ছেলের শোকে মানুষিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

এছাড়া তিনি আসামি কবির হোসেনকে নির্দোষ দাবি করেন। এ মামলায় এ নিয়ে ৫ জন আদালতে আত্মসমর্পন করেছেন। পলাশ নামে এক আসামি এখনো পলাতক রয়েছে। পলাশই বাসা থেকে আল মামুনকে ডেকে নিয়ে গিয়েছিলেন।

শাহাদাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।