গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, নড়াইল থেকে মাওয়ার পথে খান জাহান আলী পরিবহনের বাস (নাটোর-ব-১৩) কদমপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে বাসের হেলপারসহ দুইজন নিহত হন। এ সময় আরো ১০ যাত্রী আহত হন। ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো নিহত দুইজনের পরিচয় পওয়া যায়নি। আহতদের মুকসুদপুর ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সদর উপজেলার চরগোবরা টোল অফিসের সামনে মঙ্গলবার বিকেল ৩টার দিকে যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাহনেওয়াজ শেখের (২৫) মৃত্যু হয়। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের ফায়েক শেখের ছেলে।
এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি