এখনো নিয়ন্ত্রণে আসেনি বেনাপোল বন্দরের আগুন


প্রকাশিত: ০৩:০২ এএম, ০২ অক্টোবর ২০১৬

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেড বেনাপোল স্টেশনের একটি ইউনিট, ঝিকরগাছা, যশোর ও মণিরামপুরের আরো কয়েকটি ইউনিট কাজ করছে।

এর আগে রোববার ভোর ৫টায় বেনাপোল বন্দরের ২৩ নম্বর শেডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন মনে করছেন।

বন্দরের ২৩ নম্বর শেডে মূলত রাসায়নিক দ্রব্যাদি রাখা হয়। আগুনে সেগুলো পোড়ার পাশাপাশি খোলা আকাশের নিচে রাখা অন্যান্য  মালামালও ভস্মীভূত হয়েছে। এতে কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমনকি বন্দরের অভ্যন্তরে থাকা পণ্যবাহী কয়েকটি ভারতীয় ট্রাক এবং বেনাপোল পোর্ট থানার একাংশ পুড়ে গেছে।  

Banapol

বন্দর কর্তৃপক্ষ বলছে, আগুন নিয়ন্ত্রণে আনাই এখন তাদের প্রধান কাজ। ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে পরে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলছেন, পরিকল্পিতভাবে আগুন লাগানোর সন্দেহ উড়িয়ে দেয়া যায় না। এর আগেও বেনাপোল বন্দরে আগুন লেগেছে। প্রতিবারই বন্দর কর্তৃপক্ষ শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে থাকেন।

জামাল হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।