স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
যশোরে স্ত্রী হত্যার দায়ে হেলাল উদ্দিন (৪০) নামে একজনকে ফাঁসি দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন বগুড়া সদর উপজেলার শিকারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
যশোর স্পেশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম বদরুজ্জামান পলাশ জানান, হেলাল উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী রুপালীকে নিয়ে যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় বসবাস করতেন। ২০০১ সালের ১৪ জুন রাতে হেলাল উদ্দিন স্ত্রী রূপালীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মামলা হয়। হেলাল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসির দণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন। হেলাল উদ্দিন পলাতক রয়েছেন।
মিলন রহমান/এআরএ/আরআইপি