কেন্দ্রীয় আ. লীগের সভাপতিমণ্ডলীতে যশোরের পীযূষ কান্তি
কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে স্থান করে নিয়েছেন যশোরের সন্তান জেলা আওয়ামী লীগের সহসভাপতি পীযূষ কান্তি ভট্টাচার্য। রোববার জাতীয় সম্মেলনে তাকে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। বহু বছর পর দেশের অন্যতম প্রধান এই দলটির এমন গুরুত্বপূর্ণ পদে যশোরের কেউ স্থান পেলেন।
পীযূষ কান্তি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তিনি আওয়ামী লীগ থেকে ’৭০ এর দশকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ভাই স্বপন ভট্টাচার্য যশোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। ৫ জানুয়ারির নির্বাচনে স্বপন ভট্টাচার্য যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতানকে পরাজিত করে সংসদ সদস্য হন।
এদিকে পীযূষ কান্তিকে কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য করায় যশোরে বইছে আনন্দের বন্যা। রোববার রাতেই জেলা আওয়ামী লীগের ব্যানারে শহরে আনন্দ মিছিল হয়েছে। জেলার শীর্ষ নেতারা ঢাকায় থাকায় এ মিছিলে অংশ না নিলেও অসংখ্য নেতাকর্মী মিছিলে যোগ দেন।
এ মিছিলে অংশ নেওয়া যশোর পৌরসভার কাউন্সিলর হাজি আলমগীর কবির সুমন জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশে তারা তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছেন।
অপরদিকে জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে শহরের চিত্র মোড় থেকে আরো একটি আনন্দ মিছিল হয়েছে। পীযূষ কান্তিকে কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য করায় এ মিছিল থেকে যশোরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে।
মিলন রহমান/ এমএএস/পিআর