ওষুধ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৪ অক্টোবর ২০১৬

যশোরে একটি ওষুধ কোম্পানির দুই কর্মকর্তাকে কুপিয়ে ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের ঘোপ কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ওষুধ কোম্পানি অপসোনিনের যশোর উপশহর অফিসের হিসাব বিভাগের কর্মকর্তা আশরাফুজ্জামান (৩৫) ও এসএ শ্যামল (৩৫)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত আশরাফুজ্জামান (৩৫) যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ও আরেক কর্মকর্তা এসএ শ্যামল বরিশাল শহরের চৌমাথা এলাকার আবদুল মালেকের ছেলে।

আহত এসএ শ্যামল জানান, সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে অপসোনিনের অফিস থেকে হিসাব বিভাগের কর্মকর্তা আশরাফুল জামান ও তিনি ছয় লাখ টাকা নিয়ে পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘোপ কবরস্থান এলাকায় পৌঁছালে তিন মোটরসাইকেল আরোহী গতিরোধ করে।

তারা এলোপাতাড়ি কুপিয়ে আশরাফুলের কাছে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার সঙ্গে থাকা এসএ শ্যামলকেও মারপিট করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, ছয় লাখ টাকা ছিনতাইয়ের খবর পেয়েছেন। তবে ঘটনাটি ছিনতাই, নাকি অন্যকিছু সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।