নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-ভটভটির সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভটভটির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ির চালকসহ চারজন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কেন্দুয়া এলাকার আবদুল হামিদের ছেলে কবির হোসেন (২৮) ও আবদুল করিম মিয়ার ছেলে ইসমাইল মিয়া (২৪)।
আহতরা হলেন ভটভটির চালক আরিফ হোসেন(২৫), যাত্রী আরমান (২২), রাকিবুল ইসলাম (১৭) ও রাজু আহমেদ (১৮)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে গোলাকান্দাইল এলাকায় মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে গাজীপুরগামী কাভার্ডভ্যানের সঙ্গে মদনপুরগামী ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তি মারা যান।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক জাহিদ হোসেন (২৫) ও তার সহযোগী সুমন মিয়াকে (২২) কাভার্ডভ্যানসহ আটক করেছে পুলিশ।
বিএ/আরআই