গোপালগঞ্জে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ
গোপালগঞ্জে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কাজল মোল্যা (২৮) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাতপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাতপাড় গ্রামের পিনাকি রঞ্জন বিশাস পিন্টুর ছেলে প্রণব কান্তি বিশ্বাস (৩৩) ও কাশিয়ানী উপজেরার হাতিয়াড়া গ্রামের ওমর আলী মোল্যার ছেলে কাজল মোল্লাকে (২৮) আসামি করে ওই ছাত্রীর মা সদর থানায় একটি মামলা করেছেন।
ভুক্তভোগী ছাত্রী সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার থেকে তার বার্ষিক পরীক্ষা শুরু হলেও এ ঘটনায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এদিকে, এ ঘটনার বিচারের দাবিতে সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) সওগাতুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত কাজলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি প্রণব কান্তি বিশ্বাস বাপ্পীকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী শফিকুল আলম বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা দ্রুত এ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দাখিল করবেন।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/এএম