সদস্য প্রার্থীর হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২২ ডিসেম্বর ২০১৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ক্ষীরোধ রঞ্জন বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ হয়েছে।

বুধবার বিকেলে রামদিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেথুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ক্ষীরোদ রঞ্জন বিশ্বাস প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব  করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বেথুড়ী ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান এনায়েত হোসেন মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মীনা, বেথুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ইসহাক ও আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে ক্ষীরোদ রঞ্জন বিশ্বাস অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে আসন্ন জেলা পরিষদ নির্বাচন  উপলক্ষে তিনি তার পরিষদের সদস্যদের নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী চৌধুরী এমদাদুল হকের পক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে কাশিয়ানীতে যাওয়ার সময় এ জঘন্য হামলার শিকার হন।

তিনি আরো বলেন, জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শরীফ সোহরাফ হোসেন ও তার লোকজন রামদিয়া বাজারে তার দোকানের মধ্যে ক্ষীরোদ রঞ্জন বিশ্বাসকে ডেকে নিয়ে গিয়ে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

এসময় হামলাকারীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। এ ব্যাপারে তিনি বাদী হয়ে  সোহরাফ হোসেনসহ ৩ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি মামলা করেছেন।

এদিকে, ক্ষীরোদ রঞ্জন বিশ্বাসের উপর হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এস এম হুমায়ূন কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।