শেরপুরে কৃষক হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৮ মে ২০১৭

শেরপুরের নকলা উপজেলার ভুরদি গ্রামে মজুরির পাওনা ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কৃষক সাহেদ আলী হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভুরদি গ্রামের ছাবেদ আলীর ছেলে আব্দুস সালাম ও ফজু মিয়া। তাদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। রায়ে মামলার অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানকাটার মজুরি ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০০৯ সালের ২০ মে নকলার ভুরদি গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক সাহেদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে ফজু মিয়া ও আব্দুস সালামসহ ছয় জনের বিরুদ্ধে নকলা থানায় হত্যা মামলাটি দায়ের করেছিলেন।

হাকিম বাবুল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।