তামাক জাতীয় বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান


প্রকাশিত: ১২:০০ পিএম, ০৯ মে ২০১৫

আইন লঙ্ঘন করে তামাক কোম্পানির কৌশলী বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালাইন্সের (আত্মা) সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ। এছাড়া জনসমাগম স্থলে অবাধে ধূমপান বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

শনিবার দুপুরে সিলেট নগরের শাহী ঈদগাহে আরটিএম ভবনে অনুষ্ঠিত আত্মা`র আঞ্চলিক সভায় তারা এসব দাবি তুলে ধরেন। আত্মা`র নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার শাহ সুহেল আহমদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক সবুজ সিলেট ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ছামির মাহমুদ, দৈনিক উত্তরপূর্বের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক মানবকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক সকালের খবরের নিজস্ব প্রতিবেদক দিপু সিদ্দিকী প্রমুখ।

সভায় আগামী ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া তামাক মুক্ত দিবসকে সামনে রেখে আগামী ৩০ মে দুপুর ১২টায় সিলেট নগরীর সিটি পয়েন্টে `তামাক পোড়াও` কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ দিন সিগারেটের ডামি জালিয়ে জনসমাগম স্থলে ধূমপানের প্রতিকী প্রতিবাদ জানানো হবে।

কর্মসূচি পালন করতে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, দৈনিক উত্তরপূর্বের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক সকালের খবর নিজস্ব প্রতিবেদক দিপু সিদ্দিকী, আত্মা`র নির্বাহী সদস্য শাহ সুহেল আহমদ, দৈনিক জালালাবাদ স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের মিডিয়া কর্মকর্তা মুরাদ বক্স।

ছামির মাহমুদ/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।