ইউপি নির্বাচন : রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২


প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৯ মে ২০১৫
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় এক পক্ষ আরেক পক্ষের বাড়ি-ঘরে হামলা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে দাউদপুর ইউনিয়নের আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরে প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন মোল্লার (প্রতিক দুই পাতা) লোকজনের সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী খায়রুল আলম নয়নের (প্রতিক ঢোল) লোকজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে মনজু মিয়া (৩৪), গুলু মিয়া (২৫), মনু মিয়া (২৮), আল-আমিন (৩৩), আলী আহাম্মেদসহ (৪০) অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় এক পক্ষ আরেক পক্ষের বাড়ি-ঘরে হামলা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে আইনশৃংখলা বাহিনীর সদস্যারা এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এসময় পুরো এলাকায় বেশ আতঙ্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম বলেন, নির্বাচন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ ঝামেলার চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবেনা। সকাল ৮টায় দাউদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।  

মীর আব্দুল আলীম/এমএএস/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।