ভারত থেকে ফেরার সময় বেনাপোলে আটক ৮


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৩ মে ২০১৫

অবৈধপথে ভারত থেকে ফিরে আসার সময় বুধবার সকালে যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী ও গাতিপাড়ায় অভিযান চালিয়ে আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটকরা হলেন, বাগেরহাটের কাশেমের স্ত্রী রিতা বেগম (৩২), ফরিদপুরের গোপালনগর এলাকার জগন্নাথ শীলের ছেলে বিষ্ণু শীল (২২), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ইয়াকুবের ছেলে সুমন (১৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাহাজানের ছেলে খোকন (৪০), নারায়ণগঞ্জের আরমান হোসেনের স্ত্রী শাহানাজ আক্তার (২৮), পূর্বচন্দ্র তালুকদারের ছেলে মিহীর তালুকদার (২৭), পাবনার ভাংগা উপজেলার শাহাদৎ হোসেনের স্ত্রী নাজমা আক্তার (২৮) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মাসুদুর রহমান (৩৫)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই হাবিবুর রহমান হাবিব জানান, ওই আটজন বেড়ানো ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে বেশকিছু দিন আগে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে গিয়েছিলেন। কাজ শেষে আবার দালালের মাধ্যমে সীমান্ত পথে একইভাবে ফেরার সময় বুধবার সকাল ১০টার দিকে বিজিবির হাতে আটক হন তারা। পরে বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

জামাল হোসেন/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।