পর্যটন মোটেল থেকে ৩৪০৬ বোতল ফেনসিডিল উদ্ধার
বেনাপোল পর্যটন মোটেল থেকে ৩৪০৬ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার সকাল ৮টার দিকে পর্যটন মোটেলের সামনে রাখা টয়োটা হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪৭২৫) থেকে ফেনসিডিলগুলো আটক করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, দুই যুবক বেনাপোল সীমান্ত থেকে একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে পর্যটন মোটেলে অবস্থান করছেন। এ খবরের ভিত্তিতে বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা পর্যটন মোটেলে অভিযান চালিয়ে ওই মাইক্রোবাসটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের মধ্য থেকে ৩৪০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
তিনি আরো জানান, মোটেলের রেজিস্ট্রার থেকে জানা যায়, ২০১ নম্বর রুমের বোর্ডার খুলনার দৌলতপুর থানার জাওপুর গ্রামের আবুল কালাম ও আকাশ হোসেন নামের দুই যুবক এই মাইক্রোবাস নিয়ে মোটেলে এসে অবস্থান করেন। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
মো. জামাল হোসেন/এমজেড/এমএস