ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৫ মে ২০১৫

বেনাপোলে ইছামতি নদীতে ভাসমান অজ্ঞাত (৩৪) এক যুবকের ক্ষত-বিক্ষত গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ভারতীয় না বাংলাদেশি নাগরিকের সে বিষয়টি পুলিশ, বিজিবি, স্থানীয়রা নিশ্চিত করতে পারেননি।

শুক্রবার বেলা ১১টায় বেনাপোলের পুটখালি সীমান্তবর্তী চরেরমাঠ সংলগ্ন ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারনী ইছামতি নদীর বাংলাদেশ অংশে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে গলিত দেহটি উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে, ১০/১২দিন আগে তাকে হত্যা করে নদীর কোথাও পুঁতে রাখা হয়েছিল। পরে মরদেহটি ভেসে ওঠে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

পুটখালি বিজিবি ক্যাম্প কমান্ডার শফি উদ্দিন জাগো নিউজকে বলেন, শুক্রবার সকালে অজ্ঞাত এক যুবকের ক্ষত বিক্ষত গলিত মরদেহ ইছামতি নদীর বাংলাদেশ অংশের ২০ গজ ভেতরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। মরদেহটির পরিচয় জানা যায়নি। তিনি বাংলাদেশি না ভারতীয় তাও নিশ্চিত হওয়া যায়নি।

মো. জামাল হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।