জয়কে নিয়ে কটূক্তি করায় সিলেটে জাফর ইকবালের বিরুদ্ধে বিক্ষোভ


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৬ মে ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ কয়েস’র বিরুদ্ধে কটূক্তি করায় ‘সিলেটবাসী’র ব্যানারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে প্রায় সহস্রাধিক লোক অংশ নেয়। খন্ড খন্ড মিছিল নিয়ে সিলেটের দক্ষিণ সুরমার কদমদতলী থেকে সিলেট নগরের সুরমা পয়েন্টে এসে জড়ো হয়। এরপর সেখান থেকে বিকেল সাড়ে ৪টায় নগরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন প্রগতিশীল নামধারীরা এভাবেই বেপরেয়া হয়ে উঠে। কটূক্তি করার দায়ে অবিলম্বে সিলেট বিদ্বেষী ড. মুহম্মদ জাফর ইকবালকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে সিলেটবাসীকে নিয়ে তাকে এই সিলেটের মাটি থেকে বিতাড়িত করা হবে।

মিছিল ও সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন মিছিলে নেতৃত্ব দেন। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদসহ ছাত্রলীগের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে ‘ড. জাফর ইকবাল প্রগতির নাম নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন’ বলে অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

ড. মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করলেও সরাসরি আওয়ামী লীগের ব্যানারে করা হয়নি। ‘সিলেটবাসী’র ব্যানারে এই মিছিল-সমাবেশ করা হয়েছে।

মিছিল থেকে ‘সিলেট বিদ্বেষী জাফর ইকবাল, এই মুহূর্তে সিলেট ছাড়’ ‘জাফর ইকবালের আস্তানা, ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’ নানা ধরনের স্লোগান দেয়া হয়।
 
ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।